চন্দনাইশে দ্রুতগতির পিকআপের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. ইসমাইল হোসেন প্রকাশ বাবু মেম্বারের (৫২) মৃত্যু হয়েছে। গত রোববার বেলা ১১টার সময় চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের হাশিমপুর বড়পাড়া পাঠানীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বিকেল ৩টার তিনি সময় মারা যান। জানা যায়, ইসমাইল হোসেন বাবু গত রোববার বেলা ১১ টার সময় নিজের মোটরসাইকেলযোগে বিওসি মোড় থেকে চন্দনাইশের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মহাসড়কের চন্দনাইশের বড়পাড়া পাঠানীপুল এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা দ্রুতগতির অপর একটি পিকআপের ধাক্কায় বাইকটি সড়কে উল্টে যায়। এ সময় ইসমাইল হোসেন বাবু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে ও পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে অপারেশন শেষে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বিকেল ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আবদুল শুক্কুর। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানিয়েছেন, এ ব্যাপারে থানায় কেউ অবহিত করেনি।
হাটহাজারী : গত রোববার রাতে হাটহাজারী–নাজিরহাট মহাসড়কের মুছারদোকান এলাকার নজু মিয়া মসজিদ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় অসিম বড়ুয়া প্রকাশ গণেশ (৫০) নামে এক সিএনজিচালিত টেক্সি চালকের মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টার দিকে মুছার দোকান এলাকায় অটোরিকসা বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন গণেশ। পথে দ্রুত গতিতে আসা এক অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কায় দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে কী গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে কেউ তা গণমাধ্যমকে জানাতে পারেনি। পরে নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি আবিল খাঁন সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোন গাড়ির আঘাতে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।












