চন্দনাইশে কৃষকের গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুন

লাখ টাকার গরুর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৯:৪১ পূর্বাহ্ণ

চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ এলাকায় রাতের অন্ধকারে এক কৃষকের গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে মারা গেছে লাখ টাকা মূল্যের একটি গরু। এ ঘটনায় গোয়াল ঘরে থাকা আরো ৬টি গরু আগুনে পুড়ে আহত হয়। গত ২৩ জুলাই রাত ১টার দিকে কৃষক মোঃ মোস্তাক মিয়ার গোয়াল ঘরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৬টি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার হাশিমপুরে পূর্ব ছৈয়দাবাদের কৃষক মো. মোস্তাক মিয়া বিভিন্ন এনজিও ও ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে গরুর খামারটি গড়ে তোলেন। কিন্তু গোয়াল ঘরে রাতের আঁধারে আগুন দিয়ে তার পালিত ৭টি গরু পুড়ে মারার চক্রান্ত করে দুর্বৃত্তরা। ঘটনার দিন রাত ১টার দিকে মোস্তাকের ঘুম ভাঙলে দেখতে পান তার গোয়াল ঘরে আগুন জ্বলছে। এসময় তার আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মোস্তাকের লাখ টাকা দামের একটি দুধের গাভী পুড়ে মারা যায়। এ সময় গোয়াল ঘরের থাকা আরো ৭টি গরু পুড়ে আহত হয়। খবর পেয়ে প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসকরা পুড়ে আহত হওয়া গরুগুলোকে চিকিৎসা দেয় বলে জানিয়েছেন মোস্তাক মিয়া।

তিনি বলেন, ৪টি এনজিও থেকে সাড়ে ৩ লক্ষ টাকা ঋণ নিয়ে গরুগুলো ক্রয় করে দুধ বিক্রির মাধ্যমে সাপ্তাহিক ৬ হাজার টাকা কিস্তি পরিশোধ করতেন। এখন গরুগুলো পুড়ে যাওয়ায় দুধ সংগ্রহ করা না গেলে কিস্তি চালানো সম্ভব হবে না বলেও জানান তিনি। ঘটনার খবর পেয়ে গতকাল ২৪ জুলাই সকালে চন্দনাইশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস. এম. দিদারুল ইসলাম সিকদার সাংবাদিকদের বলেন, গোয়ালঘরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চকরিয়া পৌরশহরে
পরবর্তী নিবন্ধবদিউল আলম