চট্টগ্রাম সেনানিবাসের উদ্যোগে বন্যাকবলিত বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার দুর্গম এলাকায় জরুরি ত্রাণসামগ্রী এবং চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হয়েছে।
গতকাল (শনিবার) সেনাবাহিনীর পক্ষ থেকে পরিচালিত এ মানবিক কার্যক্রমে পানিবন্দি ও দুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য জরুরি ত্রাণ বিতরণ করা হয়। একই সঙ্গে সেনাবাহিনীর মেডিকেল টিম দুর্গম এলাকায় পৌঁছে অসুস্থ ও বন্যাকবলিত মানুষের চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে।
সেনাবাহিনীর সদস্যরা নৌযান ও বিশেষায়িত পরিবহন ব্যবহার করে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে পৌঁছে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করেন। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে সহায়তা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দুর্গত এলাকার বাসিন্দারা দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।











