রেটিনা রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসাসেবার গুরুত্ব তুলে ধরতে গত ১ অক্টোবর চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হাসপাতালে রেটিনা ডে উপলক্ষে এক জনসচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হাসপাতালের একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, ভারপ্রাপ্ত পরিচালক ডা. আলতাফ উদ্দিন খান, উপপরিচালক ডা. শাবানা সুলতানা, ডা. সুমনা সরকার, ডা. মোসাম্মৎ আফরোজা আক্তার ও ডা. শেখ মোহাম্মদ মুরাদ, ডা. অনিন্দিতা চৌধুরী, ডা. মো. মিনহাজ উদ্দিনসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ। র্যালী পরবর্তী আলোচনায় বক্তারা বলেন, ডায়াবেটিসজনিত রেটিনোপ্যাথি রেটিনার অন্যতম গুরুত্বপূর্ণ রোগ। দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রেটিনার সূক্ষ্ম রক্তনালির ক্ষতি করে রক্তক্ষরণ, রেটিনায় তরল জমা এবং দৃষ্টিশক্তি হ্রাসের কারণ হতে পারে। নিয়মিত রেটিনা পরীক্ষা, রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগের জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে প্রয়োজন অনুযায়ী ইনজেকশন, লেজার চিকিৎসা কিংবা অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি রক্ষা এবং রোগের অগ্রগতি নিয়ন্ত্রণের সুযোগ অনেক বেড়ে যায়। র্যালিতে রেটিনা রোগ প্রতিরোধ ও দৃষ্টিশক্তি সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডায়াবেটিস রোগীদের নিয়মিত রেটিনা পরীক্ষা করানো, চোখের যেকোনো অস্বাভাবিকতা অবহেলা না করা এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।











