নিজেদের ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের যাত্রা শুরু করেছে চট্টগ্রাম বিভাগ। গতকাল মঙ্গলবার চারদিনের ম্যাচের শেষ দিনে প্রথম রাউন্ডের এ ম্যাচে রাজশাহীর সাথে ড্র করে চট্টগ্রাম। সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে চারদিনের ম্যাচের শেষ দিনে কোন দলেরই জয়ের সম্ভাবনা ছিল না। ফলে ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। অনেকটা অনুমিতই ছিল এমন ফলাফল। প্রথম সেশনে একটু নাটকীয় ছড়িয়েছিল। তবে সাব্বিরের ব্যাটে বিপদ কাটিয়ে ওঠে রাজশাহী। আগের দিনের ২ উইকেটে ৪৬ রান নিয়ে শেষ দিন শুরু করে রাজশাহী। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার নাঈম আহমেদ ও প্রিতম কুমারের জুটি থামে ৬৫ রানে। ৪৭ রানে ফেরেন নাঈম এবং ৩৭ রানে প্রিতম। দুটি উইকেটই নেন হাসান মুরাদ। এরপর এসএম মেহেরবকে যখন দ্রুতই আউট করলেন মাহমুদুল হাসান জয়, মেহেরব ২ রান করেন। রাজশাহীর রান তখন ৫ উইকেটে ১১৬। এগিয়ে তারা মাত্র ৮৭ রানে। তবে পরিস্থিতির দাবি মিটিয়ে উইকেট আঁকড়ে রাখেন সাব্বির রহমান। ১৪১ মিনিট ক্রিজে কাটিয়ে ১১২ বলে ৫১ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ ব্যাটার। পরে লোয়ার অর্ডাররাও লড়াই করে ড্র নিশ্চিত করেন। এদের মধ্যে সাকির হোসেন ২৭,সানজামুল ইসলাম ১৮ রান করেন। নিহাদুজ্জামান এবং আলী মোহাম্মদ ওয়ালিদ অপরাজিত থাকেন যথাক্রমে ১৫ এবং ১৭ রানে। চট্টগ্রামের পক্ষে ৩টি করে উইকেট নেন আশরাফুল হাসান এবং হাসান মুরাদ। আশরাফুল ৮৩ এবং হাসান মুরাদ ৬০ রান খরচ করেন। ১টি করে উইকেট নেন এনামুল হক এবং মাহমুদুল হাসান জয়। চারদিনের ম্যাচের প্রথম দিনে ব্যাট করতে নেমে রাজশাহী তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৬৪ রান। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান এবং সাব্বির হোসেন করেন যথাক্রমে ৭৫ এবং ৭১ রান। জবাবে চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে করে ৩৯৩ রান। সেঞ্চুরি করেন দলের দুই ওপেনার। মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ১০৫ রান আর সাদিকুর রহমানের ব্যাট থেকে আসে ১১৫ রান। ৮৬ রান করেন অধিনায়ক ইরফান শুক্কুর। প্রথম ইনিংসে ২৯ রানে পিছিয়ে থাকা রাজশাহী দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ৮ উইকেটে ২২৪ রান সংগ্রহ করলে ম্যাচটি ড্র হয়ে যায়। সেঞ্চুরি করে ও দুই ইনিংসে দুটি উইকেট নিয়ে প্লেয়ার অব দি ম্যাচ হন চট্টগ্রামের মাহমুদুল হাসান জয়। তাঁর হাতে পুরষ্কার তুলে দেন সাবেক জাতীয় ক্রিকেটার এবং চট্টগ্রাম বিভাগীয় দলের সাবেক কোচ নুরুল আবেদীন নোবেল। আগামী ১০ অক্টোবর থেকে কক্সবাজারে দ্বিতীয় ম্যাচে বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগীয় দল।










