চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন এলাকায় বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টাকালে মো. সোহেল নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ১৫ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ওই এলাকায় দায়িত্ব পালনরত আনসার সদস্যের কাছে এক বহিরাগত ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়া উদ্দিনকে অবহিত করেন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য। খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তা তার টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানান।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার পরিচয় মো. সোহেল বলে জানা যায়। সোহেল একজন চিহ্নিত চোর এবং এলাকায় সংঘটিত বিভিন্ন চুরির ঘটনায় জড়িত। এসব ঘটনায় এর আগেও তিনি কারাভোগ করেছেন বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য–উপাত্ত যাচাই–বাছাই শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক মো. সোহেলকে দণ্ডবিধি ১৮৬০–এর ১৮৮ ধারায় ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের সন্দেহজনক চলাচল ও কর্মকাণ্ডের ওপর নজরদারি অব্যাহত রয়েছে।










