চট্টগ্রাম বন্দরে রাশিয়ার অয়েল ট্যাংকার জব্দ

মালিকানা বিরোধ, হাই কোর্টের আটকাদেশ, কোস্টগার্ডের তদন্ত ও শুল্ক বিভাগের পৃথক কার্যক্রম

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞার আওতায় থাকা, জব্দের পর আদালতের মাধ্যমে বিক্রি করা রাশিয়ার একটি অয়েল ট্যাংকার মালিকানা বিরোধের জেরে চট্টগ্রাম বন্দরে জব্দ করা হয়েছে। জাহাজটি ভাঙার জন্য পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির কাছে বিক্রি করা হলেও নতুন করে আইনি জটিলতা তৈরি হওয়ায় পুরো প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে।

যুক্তরাষ্ট্রের সরকারি নথিতে জাহাজটির নাম এমটি বেলা–১ এবং বাংলাদেশের আদালতের নথিতে এমটি এরা হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের আদালত নির্দেশিত বিক্রির মাধ্যমে মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল মার্কেটিং সিস্টেমস ইনকরপোরেটেড (জিএমএস) জাহাজটি কিনে নেয়। পরে বাংলাদেশে এর ক্রেতা পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির নিকট বিক্রি করে।

তবে রাশিয়ার প্রতিষ্ঠান বুরেভেস্টমারিন এলএলসি জাহাজটির মালিকানা দাবি করে হাই কোর্টে মামলা করেছে। প্রতিষ্ঠানটি জাহাজটির মালিকানা ঘোষণা, দখল ফিরে পাওয়া এবং ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ৭ লাখ ৩১ হাজার ৯১৮ দশমিক ৮৫ মার্কিন ডলার দাবি করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩৩ কোটি টাকা।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ জাহাজটি আটকের পরোয়ানা জারি করেন। বর্তমানে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নিরাপত্তা হেফাজতে রয়েছে। ফলে জাহাজটি ভাঙার জন্য পিএইচপির কাছে হস্তান্তরের প্রক্রিয়া আটকে গেছে।

পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও জাহাজটির আমদানিকারক জহিরুল ইসলাম রিংকু আজাদীকে বলেন, বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে আমদানির প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। ব্যাংক এলসি খোলার আগে এই জাহাজটিতে কোনো নিষেধাজ্ঞা আছে কি না খতিয়ে দেখেছে। জাহাজটিতে কোনো নিষেধাজ্ঞা নেই। আমরা যাবতীয় আইন কানুন মেনেই জাহাজটি কিনেছি। তবে জাহাজটির দখল বুঝে না পাওয়ায় এলসির অর্থ ছাড় হয়নি। জাহাজটির আগের মালিকদের একটি ইস্যু নিয়ে হাই কোর্টে অ্যাডমিরালটি মামলা বিচারাধীন রয়েছে। এই সপ্তাহের মধ্যেই মামলাটির নিষ্পত্তি হতে পারে।

জিএমএসের বাংলাদেশ প্রতিনিধি এবং স্থানীয় শিপিং এজেন্সি আরএস শিপিং ও এইচএম শিপিংয়ের দায়িত্বশীল একটি সূত্র জানায়, নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে জাহাজটির বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে মার্কিন কর্তৃপক্ষ জাহাজটি যুক্তরাষ্ট্রে নিয়ে যায় এবং আদালতের মাধ্যমে বিক্রি করে। জিএমএস আদালতের ওই বিক্রিতে জাহাজটি কিনে নেয়। জাহাজটি দিয়ে শিপিং না করে শিপ রিসাইক্লিনে দেওয়ার নির্দেশনাও আসে মার্কিন আদালতের। পরবর্তীতে মার্কিন কোম্পানি জাহাজটি বাংলাদেশে বিক্রি করে।

সূত্র বলেছে, ২০০২ সালে নির্মিত জাহাজটি এর আগে বেলা–১ ও মারিনেরা নামে পরিচিত ছিল। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) জাহাজটিকে কালো তালিকাভুক্ত করেছিল। অভিযোগ ছিল, জাহাজটি ভেনেজুয়েলা, ইরান ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল পরিবহন করত।

২০২৬ সালের জানুয়ারির শুরুতে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে জাহাজটি নিয়ে বড় ধরনের অভিযান চালায় মার্কিন বাহিনী। প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের অনুসরণের পর ৭ জানুয়ারি আইসল্যান্ডের দক্ষিণে রাশিয়ার পতাকাবাহী জাহাজটি জব্দ করা হয়। এ অভিযানে যুক্তরাজ্যও সহযোগিতা করে। পরে জাহাজটি স্কটল্যান্ডের জলসীমায় রাখা হয়। এপ্রিল মাসে এটি মেঙিকো উপসাগরে ফিরিয়ে নেওয়া হয়।

পরে জাহাজটির নাম পরিবর্তন করে এমটি এরা রাখা হয় এবং কোমোরোসের পতাকায় নিবন্ধন করা হয়। ২০২৫ সালের ২৩ ডিসেম্বর ওএফএসি একটি বিশেষ লাইসেন্সের মাধ্যমে জাহাজটি বিক্রির অনুমোদন দেয়। এরপর ২০২৬ সালের ১২ মে এমটি বেলা–১ এবং আরেকটি তেলবাহী জাহাজ এমটি ভেরোনিকা জিএমএসের কাছে বিক্রি করা হয়। সরকারের নির্ধারিত বিক্রয়প্রক্রিয়ার আওতায় জিএমএস ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো জাহাজ দুটির বৈধ মালিকানা ও নিয়ন্ত্রণ পেয়েছিল।

অন্যদিকে রাশিয়ার বুরেভেস্টমারিন এলএলসি এই মালিকানা নিয়ে আপত্তি জানিয়ে হাই কোর্টে অ্যাডমিরালটি স্যুট দায়ের করেছে। প্রতিষ্ঠানটির দাবি, জাহাজটির বৈধ মালিক তারা। জিএমএসের কাছে বিক্রি এবং পরবর্তী সময়ে পিএইচপির কাছে হস্তান্তরের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছে তারা।

জাহাজটি ১১ অক্টোবর কুতুবদিয়ার কাছাকাছি সমুদ্রে আসে। ১৯ ও ২৩ অক্টোবর কোস্টগার্ডের অভিযানে জাহাজটি থেকে অবৈধভাবে জ্বালানি স্থানান্তরের ঘটনা উদ্‌ঘাটিত হয়। স্থানীয় দুটি লাইটার জাহাজ এমটি হজরত ওয়াস কুরুনি ও এমটি সীমা গিরিতে প্রায় ৭৫০ টন ফুয়েল অয়েল, অয়েল স্লাজ ও বর্জ্য স্থানান্তর করা হয়েছিল। এছাড়া জাহাজটির ভেতরে প্রায় ২০০ টন শক্ত হয়ে যাওয়া ট্যাংক পরিষ্কারের স্লাজ এবং ৫০ টন তৈলাক্ত বিলজ ওয়াটার, ট্যাংক ধোয়ার বর্জ্য ও পৃথকীকরণ না করা আবর্জনা পাওয়া যায়।

কোস্টগার্ড সতর্ক করেছে, এসব বর্জ্য অননুমোদিতভাবে স্থানান্তর ও নিষ্পত্তি করা হলে উপকূলীয় মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। তবে জিএমএসের স্থানীয় এজেন্ট জ্বালানি ও স্লাজ স্থানান্তরের অভিযোগ অস্বীকার করেছেন। জাহাজটি নিয়ে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষও আইন লংঘনের অভিযোগ তুলেছে। জাহাজটি এবং এর স্থানীয় শিপিং এজেন্ট আরএস শিপিং ও এইচএম শিপিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে চট্টগ্রাম কাস্টমস। ৪ নভেম্বর জারি করা এক নোটিশে বলা হয়েছে, বন্দরে আসার ২৪ ঘণ্টার মধ্যে জাহাজটির আমদানি ম্যানিফেস্ট জমা দেওয়া হয়নি। এতে কাস্টমস আইন, ২০২৩–এর ৪৮ ধারা এবং অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের প্রযোজ্য বিধান লঙ্ঘিত হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, জাহাজ থেকে অনুমোদন ছাড়া পণ্য সরানোর মতো নির্দিষ্ট কিছু অপরাধের ক্ষেত্রে আইনে ২ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

সব মিলিয়ে মালিকানা বিরোধ, হাই কোর্টের আটকাদেশ, কোস্টগার্ডের তদন্ত এবং শুল্ক বিভাগের পৃথক কার্যক্রমে জাহাজটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়া নেওয়ার কথা বলে ৮ দিন সাগরে, শেষে সৈকতে নামিয়ে পালাল পাচারকারীরা
পরবর্তী নিবন্ধবাসে তল্লাশি, বেরিয়ে এলো বিদেশি পিস্তল-গুলি