চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

দুর্ঘটনা ও বিভিন্ন রোগে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া মানুষকে পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলা এবং আধুনিক পুনর্বাসনসেবা সমপ্রসারণের অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস ২০২৬ পালন করা হয়েছে।

গতকাল রোববার সকালে দিবসটি উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার আয়োজন ও কেক কেটে হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। সেমিনারে মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল বিষয় উপস্থাপন করেন জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. পলাশ নাগ। সেমিনারে হাসপাতাল ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক–কর্মকর্তারা অংশ নেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবাকে যেমন প্রসারিত করতে হবে, তেমনি এর প্রচারও বাড়াতে হবে। সংবাদপত্র, টেলিভিশনসহ গণমাধ্যমে এ চিকিৎসাসেবা সম্পর্কে বেশি বেশি প্রচার করতে হবে, যাতে সাধারণ মানুষ ও রোগীরা উপকৃত হন। অপারেশনের পর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবা রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডা. সেখ ফজলে রাব্বি বলেন, স্ট্রোক ও দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে মানুষ কর্মক্ষমতা হারান। এসব রোগীর অস্ত্রোপচারের পাশাপাশি পরবর্তী সময়ে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবা প্রয়োজন। এ চিকিৎসার মাধ্যমে তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে এসে দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের বিভিন্ন সাব–স্পেশালিটি গড়ে তোলা, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোবটিক রিহ্যাবিলিটেশন, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা সমপ্রসারণের মাধ্যমে দেশে পুনর্বাসন চিকিৎসাকে আরও উন্নত পর্যায়ে নেওয়া সম্ভব। সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. একরাম হোসেন। বৈজ্ঞানিক সেমিনার পর্বে নিউরো রিহ্যাবিলিটেশন, রোবটিক রিহ্যাবিলিটেশন, ফ্রোজেন সোল্ডার ম্যানেজমেন্ট, কার্ডিও–পালমোনারি রিহ্যাবিলিটেশন, স্পোর্টস অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, পেডিয়াট্রিক রিহ্যাবিলিটেশন, জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন, ক্যান্সার ও লিম্ফেডিমা রিহ্যাবিলিটেশন, স্পিচ অ্যান্ড সোয়ালোয়িং রিহ্যাবিলিটেশন এবং মাস্কুলোস্কেলেটাল অ্যান্ড পেইন রিহ্যাবিলিটেশনসহ বিভিন্ন সাব–স্পেশালিটির গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকপ৩১-এ কৃষকের জন্য অর্থায়নের দাবিতে কর্ণফুলীতে নৌকা বাইচ
পরবর্তী নিবন্ধআল-আমীন বারীয়া দরসে নিযামী কামিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ