চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চালু হয়েছে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা। একজন ভর্তি রোগীকে গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে এই সেবাটি দেয়। সম্প্রতি একজন দাতা জেনারেল হাসপাতালে একটি ডায়ালাইসিস মেশিন দান করেন। হাসপাতালের চিকিৎসকরা বলছেন, প্রাথমিকভাবে শুধুমাত্র ভর্তি রোগীদের ডায়ালাইসিস সেবাটি দেয়া হবে।

জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরাম হোসেন আজাদীকে বলেন, আইসিইউতে ভর্তি রোগীকে প্রথমবারের মতো রেফার না করে ডায়ালাইসিস সেবা দেয়া হয়েছে। জনবল ও লজিস্টিক সাপোর্ট পাওয়া গেলে ডায়ালাইসিস সেবা সক্ষমতা বাড়ানো যাবে। রোগীদের প্রয়োজনে আপাতত সেবাটি চালু করা হলেও খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশাহজালালসহ দেশের আট বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
পরবর্তী নিবন্ধআধিপত্য নিয়ে বিরোধ থেকে রাউজানে নাছির হত্যাকাণ্ড