আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন সাধারণ ক্রেতারা। ১০ দিনব্যাপী এ কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত। তবে শুক্রবার ট্রাক সেল কার্যক্রম বন্ধ থাকবে।
টিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, একজন ভোক্তা টিসিবির ট্রাক থেকে তিন ধরনের পণ্য নিতে পারবেন। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা ও প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। সব পণ্য একসঙ্গে কিনলে একজন ক্রেতার খরচ হচ্ছে ৪৮০ টাকা। খুচরা বাজার থেকে এসব পণ্য কিনতে ৭০০ থেকে ৭২০ টাকা লাগে। অর্থাৎ সাশ্রয় হবে ২২০–২৪০ টাকা।
টিসিবির চট্টগ্রাম অফিস থেকে জানা গেছে, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি ট্রাকে করে টিসিবির ন্যায্যমূল্যের এসব পণ্য বিক্রি করা হচ্ছে। ঢাকাসহ সারা দেশে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি করছে সংস্থাটি। টিসিবি জানায়, প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে গড়ে ৪০০ জন মানুষ পণ্য কেনার সুযোগ পাবেন।
এদিকে টিসিবির ট্রাক সেলের পাশাপাশি নিয়মিত স্মার্ট কার্ডধারী পরিবারের মধ্যেও পণ্য বিক্রি করা হচ্ছে। ফ্যামিলি কার্ডধারীরা প্রতিমাসে নির্দিষ্ট ডিলারদের কাছ থেকে তাদের নির্দিষ্ট পণ্য (প্রতি কেজি ৩০ টাকা করে ৫ কেজি চালসহ) পেয়ে থাকেন।
টিসিবির চট্টগ্রাম অফিস থেকে জানা গেছে, নগরীতে এখন টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডে প্রতি মাসে পণ্য পাচ্ছেন ১ লাখ ৫ হাজার পরিবার। আর চট্টগ্রামের ১৫ উপজেলায় টিসিবির ফ্যামিলি কার্ডে প্রতিমাসে পণ্য পাচ্ছেন ১ লাখ ৯৬ হাজার পরিবার। নগরী এবং উপজেলাসহ মাত্র ৩ লাখ ১ হাজার ভোক্তাকে ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ দেওয়া সম্ভব হয়েছে।













