চট্টগ্রামে শুরু হলো ‘সুরে সুরে নজরুলযাত্রা’

নজরুল আমাদের চির প্রেরণার উৎস : আজাদী সম্পাদক

আজাদী ডেস্ক | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে ময়মনসিংহের ত্রিশাল, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য স্থানগুলোতে নজরুল সংগীত আয়োজনের যাত্রা শুরু হয়েছে। নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রাম নজরুল বর্ষ উপলক্ষে গতকাল শনিবার সকালে নগরীর চেরাগী পাহাড়ের আজাদী চত্বরে ‘সুরে সুরে নজরুলযাত্রা’ শিরোনামে সংগীত অনুষ্ঠানের আয়োজন করে। পর্যায়ক্রমে বিভিন্ন স্থান ঘুরে ময়মনসিংহের ত্রিশালে গিয়ে শেষ হবে তাদের এ আয়োজন।

চলতি বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন তিনি। খবর বিডিনিউজের।

নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রাম তাদের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি এবং নজরুল বর্ষের এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধক দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অগ্নিবীণার ঝংকারে জাগিয়ে তুলেছিলেন নিদ্রিত বাঙালির প্রাণ। তিনি অন্যায়ের বিরুদ্ধে উচ্চারণ করেছিলেন মুক্তির মন্ত্র। তিনি আমাদের চির প্রেরণার উৎস। আমাদের প্রাণের কবি। তাঁর কাব্য ও সংগীতে যেমন ধ্বনিত হয়েছে ধূমকেতুর দীপ্তি, তেমনি তাঁর প্রেম ও ভক্তির গানে নেমে এসেছে শান্তি আর মানবতার নির্মল আলোক ধারা। তাই কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি এক জাগ্রত যুগচেতনা, সংস্কৃতির এক অনির্বাণ দীপশিখা। বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার অমীয় সুরধারায় স্নাত নজরুল সংগীত আমাদের জাতিকে যুগে যুগে উদ্ভাসিত করেছে শুদ্ধ সংস্কৃতির আলোয়। নজরুল বর্ষে চট্টগ্রামে নজরুলের স্মৃতিধন্য স্থানগুলোতে ‘সুরে সুরে নজরুলযাত্রা’ আয়োজন করায় নজরুল সঙ্গীত শিল্পী সংস্থাকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে অধ্যক্ষ রীতা দত্ত বলেন, কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি জাগ্রত যুগচেতনা। সংস্কৃতির এক অনির্বাণ দীপশিখার নাম নজরুল। বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার অসীম সুরধারায় স্নাত নজরুল সংগীত আমাদের জাতিকে যুগে যুগে উদ্ভাসিত করেছে শুদ্ধ সুরের আলোয়। নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দীপেন চৌধুরী। বক্তব্য দেন অধ্যাপক পিন্টু ঘোষ। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আয়োজন উদ্বোধন করা হয়। এরপর সংগঠনের শিল্পীরা ‘কারার ওই লৌহ কপাট’ এবং ‘জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক’সহ বিভিন্ন গান পরিবেশন করেন।

উদ্বোধনী নজরুলযাত্রায় সংগীত পরিবেশন করেন শিল্পী দীপেন চৌধুরী, মুহাম্মদ এনামুল হক, পিন্টু ঘোষ, সাইফুল ইসলাম, শিল্পী দাশ গুপ্তা, অরুণ দত্ত, সৃজন পাল, নির্মল বৈদ্য, রিপন ঘোষ, সরণ শীল, রুমি চৌধুরী, দ্বিজেন চক্রবর্ত্তী, শান্তিময় চক্রবর্ত্তী, শুল্কা দাশ, শিমু বিশ্বাস, বৈশাখী দাশ, শিমুল দে ও উজ্জ্বল বিশ্বাস।

অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম ও দেশের বিভিন্ন জেলায় নজরুলের স্মৃতিধন্য স্থানে গানে গানে কবিকে স্মরণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল উদ্বোধনের পর নগরীর অভয়মিত্র ঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘সুরে সুরে নজরুলযাত্রা’র আয়োজনের অংশ হিসেবে পর্যায়ক্রমে সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাউজান, ফতেয়াবাদ, কুমিল্লা নজরুল ইনস্টিটিউট, ঢাকা নজরুল ইনস্টিটিউট এবং ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বালু উত্তোলন ও পাচার, ড্রেজারে বিপর্যস্ত ছড়া-খাল
পরবর্তী নিবন্ধ৭৮৬