চট্টগ্রামের কালুরঘাট–আমতল রুটে টেম্পোর ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। কোনো যৌক্তিক কারণ ছাড়াই ভাড়া দ্বিগুণ হওয়ায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও নিম্নআয়ের মানুষের ওপর বাড়তি ভাড়ার চাপ তৈরি হয়েছে। প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে এই অতিরিক্ত খরচ বহন করা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে।
এ ছাড়া অনেক সময় চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া দাবি এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে। সাধারণ যাত্রীরা বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিচ্ছেন। গণপরিবহনে এ ধরনের অনিয়ম কোনোভাবেই কাম্য নয়।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, কালুরঘাট–আমতল রুটে টেম্পোর ভাড়া পুনর্বিবেচনা করে আগের যৌক্তিক ভাড়া বহাল রাখা হোক। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
সৈয়দ শাহজাহান সিরাজ
বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম।










