চট্টগ্রামে নতুন করে আরো ৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫৭ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছে এক শিশু।
অন্যদিকে গতকাল সরকারি–বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো ২৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩৩ শিশু। এদের মধ্যে ৩৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি আছে ১৭০ জন। এছাড়া ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৫৪৬ জনের।
গতকাল চট্টগ্রাম সিভিল কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন করে ভর্তি হওয়া এসব রোগীর সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম প্রতিরোধ বর্তমানে টিকার ক্যাম্পেইন চলছে। অভিভাবকরা যেন তাদের ৬ মাস থেকে ৪ বছর ৫৯ মাস বয়সী শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা দিয়ে আসে। চট্টগ্রামের উপজেলাগুলো ক্যাম্পেইন চলবে আগামী ১০ মে পর্যন্ত। এছাড়া নগরীতে ক্যাম্পেইন চলবে আগামী ২০ মে পর্যন্ত।













