দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আর নির্বাচনে ব্যবহার না করার সিদ্ধান্তর পর ভোট যন্ত্রটি ধ্বংস করার চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সমপ্রতি কমিশনের বৈঠকে দীর্ঘদিন ধরে অব্যবহৃত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) গুলো ধ্বংস করার সিদ্ধান্ত হয়েছে। এই ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে ইভিএম গুলো ধ্বংসের প্রক্রিয়া শুরু হবে জানা গেছে।
নির্বাচন কমিশন দেশের আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্তের পর ভোটযন্ত্রটি ধ্বংসের ব্যাপারে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, ইভিএম আমরা ব্যবহার করব না। এগুলো ডিজপোজাল করতে ফাইনাল স্টক টেকিং শুরু করেছি। কী পদ্ধতিতে ডিজপোজ করব, সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর বলতে পারব।
জানা গেছে, বর্তমানে ইসির কাছে ১ লাখ ৪৮ হাজার ৪০১টি ইভিএম রয়েছে। ১ হাজার ৫৯৯টির মতো মেশিন খোয়া গেছে। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম অঞ্চলে এখন ৪ হাজার ১৩৫টি ইভিএম রয়েছে মাঠ পর্যায়ে। চট্টগ্রামে প্রায় ১০ হাজারের বেশি ইভিএম ছিল। বেশির ভাগ ইভিএম ছিল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম হলে। জেলা ক্রীড়া সংস্থা থেকে বারবার ইভিএমগুলো সরানোর জন্য চিঠি দেয়ার পর চলতি বছরে জিমনেসিয়াম হলে থেকে ইভিএমগুলো সরিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে জানান ইভিএমের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা। বিভিন্ন নির্বাচনে ব্যবহৃত যেসব ইভিএম নিয়ে মামলা হয়েছে বা আইনি জটিলতা আছে, এমন নির্বাচনে ব্যবহৃত মেশিনগুলো রেখে বাকিগুলো ধ্বংস করার জন্য সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, সারাদেশে বিভিন্ন নির্বাচন অফিসে অযত্ন–অবহেলায় পড়ে থাকা প্রায় দেড় লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আর নির্বাচনে ব্যবহার না করার সিদ্ধান্তের পর সেগুলোর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণই এখন নির্বাচন কমিশনের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।
নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশন সরে এলেও নানা জটিলতায় এটি ধ্বংস করার উপায় খুঁজে পাচ্ছিল না। সম্প্রতি কমিশনের বৈঠকে ঢাকাসহ সারাদেশে মাঠ পর্যায়ে থাকা ইভিএম গুলো ধ্বংসের করার ব্যাপারে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সমপ্রতি ইভিএম নষ্ট করে ফেলার বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে ইসি। চিঠিতে নির্বাচনে ইভিএম ব্যবহার সংক্রান্ত কোনো মামলা রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে। মামলা থাকলে সংশ্লিষ্ট নির্বাচনের নাম, নির্বাচনী এলাকা, নির্বাচনের তারিখ, মামলার বিবরণ, সংশ্লিষ্ট ইভিএমের সংখ্যা এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য তথ্য দিতে বলা হয়েছে। পাশাপাশি ইভিএম সংরক্ষণের জন্য গুদাম বা জায়গা ভাড়া নেওয়ার বিষয়ে কোনো মামলা থাকলে তার তথ্যও চাওয়া হয়েছে। এ ছাড়া ইভিএম রাখার জন্য ভাড়া করা গুদামের বকেয়া থাকলে সেই হিসাবও জানাতে বলা হয়েছে।










