ব্রাহ্মণবাড়িয়ার নবগঠিত বরিশল ইউনিয়ন, সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও বিজয়নগরের একটি ইউনিয়ন নিয়ে নতুন ‘বরিশাল’ উপজেলার প্রস্তাবের প্রতিবাদে স্থানীয়রা গতকাল সকাল ৬টা থেকে রেলপথ ও সড়ক অবরোধ করলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ঢাকা–চট্টগ্রাম ও সিলেটগামী ৭টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এসব ট্রেনের কয়েক হাজার যাত্রী দুর্ভোগের শিকার হন। প্রায় ৫ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয়া হয়।
চট্টগ্রাম স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, অবরোধের কারণে সকালের ট্রেনগুলো মাঝপথে আটকা পড়ে। বেলা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল শুরু হয়।
ব্রাক্ষণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা ৫ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অবরোধ চলাকালে ঢাকা–চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, কক্সবাজার রুটের পর্যটক এক্সপ্রেস, সোনার বাংলা, পারাবত এক্সপ্রেস (ঢাকা–সিলেট), উপকূল এক্সপ্রেস (ঢাকা–নোয়াখালী) আটকা ছিল। বাসুদেব ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে সদর উপজেলার কোড্ডা এলাকায় ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–সিলেট রেলপথ এবং আখাউড়া–আগরতলা আন্তর্জাতিক সড়কে এ অবরোধ করা হয়।












