কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ এলাকা থেকে পুলিশের একটি আভিযানিক দল তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, আটক মুজিবুল হক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চকরিয়া উপজেলার সিনিয়র সহসভাপতি। জুলাই আন্দোলনের সময় চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় আন্দোলনকারীদের ওপর হামলা, মানুষের জায়গা দখল, মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং এলাকায় তৎপর থেকে সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযানে অংশ নেওয়া চকরিয়া থানার কয়েকজন কর্মকর্তা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের বায়তুশ শরফ সড়ক থেকে মুজিবুল হককে আটক করে থানায় নেওয়া হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানও যুবলীগ নেতা ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুজিবুল হককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।









