বাঁশখালীর শেখেরখীলে বিরোধপূর্ণ সীমানার একটি গাছের ডাল কাটা নিয়ে বিরোধের জেরে আব্দুল মালেক (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার চাচাতো ভাইয়ের ছোড়া লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বোছারপাড়ার সোবহান বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আব্দুল মালেক ওই এলাকার মকবুল ছোবহানের ছেলে। অভিযুক্ত জাকের হোসেন তার চাচাতো ভাই এবং মৃত নজির আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিরোধপূর্ণ সীমানার একটি গাছের ডাল কাটা নিয়ে আব্দুল মালেক ও জাকের হোসেনের মধ্যে কথা–কাটাকাটি হয়। এ সময় জাকের হোসেন তাকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে দুপুরে মসজিদে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে আব্দুল মালেকের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আগে থেকে সেখানে অবস্থান নেওয়া জাকের হোসেন তাকে লক্ষ্য করে লাঠি ছুড়ে মারেন। এতে গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের আরেক চাচাতো ভাই ফরিদুল আলম বলেন, আব্দুল মালেক ও জাকের হোসেন সম্পর্কে চাচাতো ভাই। বিরোধপূর্ণ সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধের জেরে জাকের হোসেনের লাঠির আঘাতে আব্দুল মালেকের মৃত্যু হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের মধ্যে অভিযুক্ত জাকের হোসেনের স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।












