ফটিকছড়িতে ভবনের পাশে ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে সাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোলাম রহমান চৌধুরী বাড়ির পাশে সাদেক নগর আত–তাকওয়া মাদ্রাসার সুপার মাওলানা শামশুদ্দীনের ভবনে এ দুর্ঘটনা ঘটে। সাঈম ওই এলাকার মো. আখতারের ছেলে। তার বাবা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয় সূত্র ও ভবনের এক নারী ভাড়াটিয়া জানান, ঘটনার সময় ভাড়াটিয়ার দুই শিশুর সঙ্গে খেলছিল সাঈম। একপর্যায়ে সে ভবনের পাশে থাকা খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে তার চাচা হেলাল ও ফারুক তাকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর চাচা হেলাল অভিযোগ করে বলেন, মাদ্রাসা থেকে দীর্ঘদিন ধরে ভবনের পাশে ময়লা–আবর্জনাযুক্ত পানি ফেলা হচ্ছিল। এতে জায়গাটি পিচ্ছিল হয়ে পড়েছিল। পাশাপাশি সেপটিক ট্যাংকের ঢাকনাও প্রায়ই খোলা রাখা হতো। ঘটনার দিন খেলতে গিয়ে আমার ভাতিজা ওই ঢাকনাবিহীন ট্যাংকে পড়ে মারা যায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বিষয়টি তিনি মাত্র জেনেছেন। বিস্তারিত খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








