খাদ্য সহায়তা দেবে সরকার খাগড়াছড়িতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে বন্যা দুর্গত এলাকায়

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে বন্যা দুর্গত এলাকায় খাদ্য সহায়তা দেয়া শুরু করবে সরকার। যেটা আগস্ট মাস থেকে হওয়ার কথা ছিল সেটা আমরা আগামী সপ্তাহের শুরু থেকে চালু করব। যাতে কর্মহীন বা হতদরিদ্র মানুষ খাদ্য সহায়তা পায়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউসে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারিবেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সভায় জেলার চলমান বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, ত্রাণ কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং দুর্যোগপরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। দ্রুত ত্রাণ বিতরণ, ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রস্তুত এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম ওবায়দুল হক, পুলিশ সুপার মো. মোরতাজা আলী খাঁনসহ বিভিন্ন সরকারি দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকওমি ঘরানার ৭ দলের নীতিগত ঐক্য
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান মেয়রের