খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি সদর উপজেলার কুমিল্লাটিলা এলাকায় অনুমতি ছাড়া পাহাড় কাটার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গত রোববার খাগড়াছড়ি সদর থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়। গতকাল মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পরিবেশ অধিদপ্তরের খাগড়াছড়ি জেলা কার্যালয়। এতে বলা হয়, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের কুমিল্লাটিলা এলাকার মো. রাজ্জাক হোসেন (৩৮) এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচাং বাজার এলাকার শামীম আলম (২৮)।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, খবর পেয়ে গত ১৯ অক্টোবর বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কুমিল্লাটিলা–দীঘিনালা সংযোগ সড়কের পাশের ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনে প্রায় ২০ থেকে ৩০ ফুট উঁচু একটি পাহাড়ের সামনের অংশ কেটে ফেলার প্রমাণ পাওয়া যায়। কাটা পাহাড়ের মাটি দিয়ে পাশের নিচু জমি ভরাট করা হয়েছে বলেও জানায় পরিবেশ অধিদপ্তর।

প্রতিষ্ঠানটির খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ বলেন, পাহাড় কাটা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা যত দিন বাঁচবেন, তত দিন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হতে পারে : জাহেদ
পরবর্তী নিবন্ধতাহসিফের মৃত্যু : আসামি দীপের আবার ৩ দিনের রিমান্ড