‘আমার সংস্কৃতি আমার পরিচয়’ এই স্লোগানে গত ১৬ জুলাই বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো কৃষ্টি বন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কৃষ্টি বন্ধন বাংলাদেশের সভাপতি ড. সবুজ শামীম আহসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক, উপস্থাপক দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন কৃষ্টি বন্ধন ত্রিপুরার সভাপতি ড. দেবব্রত দেব রায়, কবি রেজাউদ্দিন স্টালিন, বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাত হোসেন নিপু, ড. মো. সিরাজুর রহমান, কবি শাকিল আহমেদ, সাংবাদিক আব্দুল কাইয়ুম, শিল্পী সুধাম কুমার বিশ্বাস। সংগঠনের সাধারণ সম্পাদক দিল আফরোজ মিতার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। কৃষ্টি বন্ধন ত্রিপুরা কমিটি এবং ভারতের বিভিন্ন পর্যায়ের ২৭ জন কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সঙ্গীত ও আবৃত্তিশিল্পী–আলোচনা ও সাংস্কৃতিক পর্বে অংশ নেন। কৃষ্টি বন্ধন বাংলাদেশের বিভিন্ন জেলার প্রতিনিধিরা ও ভারতের প্রতিনিধিদের আগমন উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনুষ্ঠানে আলোচনা ও সাংস্কৃতিক পর্বে অংশ নেন। অনুষ্ঠানের সম্মাননা দেয়া হয় দুই দেশের গুণী শিল্পীদের। আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথিরা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে আত্মিক সম্পর্ক। আর ত্রিপুরার জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেভাবে সহযোগিতা করেছে তা অতুলনীয়। কৃষ্টি বন্ধনের মাধ্যমে ভবিষ্যতে ভারত ও বাংলাদেশের শিল্পীদের মধ্যে সংস্কৃতিক আদান–প্রদান আরো জোরালো হবে। এতে দুই দেশের সম্পর্ক হবে আরো গভীর। প্রেস বিজ্ঞপ্তি।










