রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকাল সাড়ে ৩টার দিকে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, অংসুইছাইন চৌধুরী জেলার কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের দুইবারের সাবেক সদস্য।
রাঙামাটির কোতোয়ালী থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে, একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন তিনি।











