কর্ণফুলীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধদের মধ্যে দুজনের মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৪:২৭ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে নোঙর করা মাছ ধরার ফিশিং জাহাজে আগুনে দগ্ধ ছয়জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার রাতে মারা যান ‘এফবি দেশ’ নামের ওই জাহাজটির দুই গ্রিজার রুবেল ও শাহ আলম। রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপায় এবং শাহ আলমের বাড়ি নোয়াখালীতে। গতকাল বুধবার সকালে নিজ নিজ এলাকায় তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বলেন, গুরুতর দগ্ধ তিনজনকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে রাতেই রুবেল ও শাহ আলম মারা যান। পরে পরিবারের ইচ্ছায় তাদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়। দগ্ধ অন্য চারজনের মধ্যে ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন। উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক সিদ্দিক আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

গত মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে কর্ণফুলী নদীর সদরঘাট অংশে নোঙর করা ‘এফবি দেশের’ ইঞ্জিন কক্ষে আগুন লাগে। এতে জাহাজে থাকা ছয়জন দগ্ধ হন। ক্যাপ্টেন জুবায়ের জানান, সাগর থেকে মাছ ধরা শেষে সোমবার দুপুরে জাহাজটি কর্ণফুলী নদীর সাম্পানঘাটসংলগ্ন এলাকায় নোঙর করা হয়। মঙ্গলবার দুপুরে ইঞ্জিন কক্ষে বিকট শব্দের পর আগুনের সূত্রপাত ঘটে। জেনারেটরের বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে মহাসড়কে গাছ কাটার ঘটনায় ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১