কর্ণফুলী উপজেলায় উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২–এর উদ্বোধনী হয়েছে। বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে খুলনা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সমপ্রচার করা হয়। পরে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট অতিথিরা বেলুন উড়িয়ে স্থানীয় আয়োজনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রিদুয়ানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এসএম আমিরুল মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. কামরুদ্দিন সবুজ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।











