কর্ণফুলীতে আইরিন সুলতানা কান্তা (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাতে কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরবারপাড়া এলাকার উকিল মোহাম্মদের বাড়ি থেকে ফাঁস লাগানো অবস্থায় কান্তার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। নিহত কান্তা ওই এলাকার মো. ইকবালের স্ত্রী। তাঁদের পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল ও কান্তার বাড়ি পাশাপাশি। প্রেমের সম্পর্কের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। সংসারের আর্থিক অভাব দূর করতে কান্তা আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার রাতে কান্তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে হাসপাতাল থেকে মরদেহ নিজেদের হেফাজতে নেয় এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে স্বামী–স্ত্রীর মধ্যে মনোমালিন্যের বিষয়টি জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।










