চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জয়নাল হাসান মুহিন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার দুই দিন পর তার পরিবারের কাছে মোবাইল ফোনে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরিবার জানায়, গত ১৯ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে গ্যারেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মুহিন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে তার মা জেসমিন আক্তার কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের দুই দিন পর ২১ এপ্রিল একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়।
পরিবারের দাবি, ফোনে মুহিনের কণ্ঠ শোনার পরপরই অন্য একজন কথা বলে ৭ লাখ টাকা নিয়ে পটিয়া বাইপাস এলাকায় যেতে বলে। এরপরদিন আরেকটি নম্বর থেকে ‘আব্বু’ লিখে একটি বার্তাও পাঠানো হয়।
পরিবারের অভিযোগ, বিষয়টি পুলিশকে জানানো হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি পাওয়া যায়নি, যা তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে।
তবে কর্ণফুলী থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, কিশোরকে উদ্ধারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।













