মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম (৩৬)। তিনি উপজেলার রহমতাবাদ এলাকার হাফেজ আবু জাফরের (জাফর হাফেজ) দ্বিতীয় ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিরুল ইসলাম চট্টগ্রামমুখী লেনে মাদরাসার সামনে মোটরসাইকেলে অবস্থান করছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল, তবে তিনি আসার আগেই মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে কিশোর নিখোঁজ, ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪