বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনের ফিরেছেন লিওনেল মেসি। তবে এখনও ঠিক হয়নি মাঠের লড়াইয়ে তিনি নামবেন কবে। ইন্টার মায়ামির ভারপ্রাপ্ত কোচ গিয়ের্মো ওশো বলেছেন, মাঠে ফেরা নিয়ে মেসির সঙ্গে তিনি আলোচনা করবেন। গত ১৯শে জুলাই নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে খেলার পর ১০ দিন ছুটিতে ছিলেন মেসি। পরে ইন্টার মায়ামির সাথে অনুশীলনে ফিরেছেন তিনি ও রদ্রিগো দে পল। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই মেজর লিগ সকারের বিরতি শেষ হয়ে যায়। মেসি ও দে পল এই সময়ে মায়ামির দুটি ম্যাচে খেলতে পারেননি। এছাড়া লিগা এমএক্স একাদশের বিপক্ষে মেজর লিগ সকার অল স্টার দলের ম্যাচটিতেও তারা বাইরে ছিলেন। মায়ামির পরের ম্যাচ শনিবার (বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে ৫টায়), প্রতিপক্ষ কলম্বাস ক্রু। এই ম্যাচের আগে মেসির খেলার সম্ভাব্যতা নিয়ে সংবাদমাধ্যমের কৌতূহলের জবাব দেন কোচ ওশো।












