বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। যুক্তরাষ্ট্রে থাকলেও টুকটাক অভিনয় করছেন তিনি। প্রবাসের প্রেক্ষাপটে নির্মাণ হয়েছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নামের সিনেমাটি। এটি নির্মাণ করেছেন অভিনেতা–পরিচালক হাসান জাহাঙ্গীর। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। যেখানে উঠে এসেছে বিবাহিত নারীর বাংলাদেশে স্বামী রেখে বিদেশে দ্বিতীয় বিয়ের গল্প। এর মধ্য দিয়ে সচেতনতার বার্তাও দিয়েছেন নির্মাতা। ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার শুটিং বেশ আগেই শেষ হয়েছিল বলে জানিয়েছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। খবর বাংলানিউজের।
তিনি বলেন, এরইমধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। গত মার্চে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। এ প্রসঙ্গে পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, গল্পের মাধ্যমে নারীর মর্যাদা ও সম্মানকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ বিদেশে যান। পরে কীভাবে তারা টিকে থাকেন, কীভাবে একটু একটু করে সংসার সাজান, সেই সংগ্রামের পেছনের গল্প নিয়েই সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’। তিনি বলেন, সিনেমার ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। পরবর্তী কাজ দেশে হয়েছে। হাসান জাহাঙ্গীর বলেন, গল্পগুলোর উপকরণ বাস্তব থেকে নেওয়া। বিদেশের জীবনসংগ্রাম সবারই কম–বেশি থাকে।
এই গল্পগুলো দর্শকদের দেখা উচিত। সিনেমাটির মুক্তি নিয়ে নির্মাতা বলেন, আমরা দুই ঈদের মাঝামাঝি সময়ে মুক্তির পরিকল্পনা করেছিলাম। এখন আমাদের কাছে ১৫ মে ভালো সময় মনে হচ্ছে। এ সময়েই আমরা মুক্তি দেব। এটি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কিছু দেশে মুক্তি পাবে। আমরা মনে করি, গল্পটি দর্শকদের দেখা উচিত।














