কক্সবাজার থেকে অপহৃত দুই পর্যটক টেকনাফে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৩ জুন, ২০২৪ at ৯:০৬ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ থেকে কক্সবাজার বেড়াতে এসে অপহরণের শিকার দুই পর্যটককে উদ্ধার করেছে র‌্যাব। গত শনিবার ভোরে টেকনাফের উনচিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন কিশোরগঞ্জ সদরের বাসিন্দা বিপ্লব কুমার রায় বাবু (৪৫) ও সুমন চন্দ্র দাস (৩৫)। র‌্যাব–১৫ এর জ্যেষ্ঠ সহাকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গত ২৫ মে বিপ্লব কুমার রায় বাবু ও তার বন্ধু সুমন চন্দ্র দাস কক্সবাজারে বেড়াতে আসেন। এরপর থেকেই তাদের মোবাইল বন্ধ পায় পরিবারের সদস্যরা। পরে বিপ্লব কুমার রায়ের মোবাইল থেকে কল দিয়ে জানানো হয় তাদের অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা। এ ঘটনায় বিপ্লব কুমার রায়ের ছোটভাই বিপুল কুমার রায় বাপ্পি বাদী হয়ে থানায় অভিযোগ করলে বিষয়টি র‌্যাবের নজরে আসে। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে র‌্যাব–১৫ এর একটি টিম শনিবার ভোরে অভিযান চালিয়ে টেকনাফের উনচিপ্রাং এলাকা থেকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে অপহরণকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনীতিতে সরকার পাঁচ চ্যালেঞ্জ মোকাবিলা করছে : সিপিডি
পরবর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা যুবদলের সভা