ওমানের শোক কাটতে না কাটতেই সৌদিতে প্রাণ গেল রাঙ্গুনিয়ার যুবকের

জেদ্দা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

ওমান প্রবাসী চার ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই রাঙ্গুনিয়ার আরেক প্রবাসীর মৃত্যু হয়েছে সৌদি আরবে। গত রোববার বিকেলে দেশটির আভা শহরে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন মোহাম্মদ জাহেদ রহমান বাকের (৩১)। তিনি রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের ডঙের মুখ এলাকার শফি সওদাগর বাড়ির জাহাঙ্গীর আলমের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাহেদ পেশায় চালক ছিলেন। গত রোববার বিকেলে জেদ্দা থেকে এক বাংলাদেশি যাত্রীকে নিয়ে ফেরার পথে আভা শহরের আল ওয়াসগা নামক স্থানে পৌঁছালে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনাস্থলেই গাড়িটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ওই যাত্রী গুরুতর আহত হলেও বর্তমানে আশঙ্কামুক্ত।

নিহতের মামা মো. ইব্রাহিম জানান, প্রায় আটনয় বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন জাহেদ। সেখানে তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ শুরু করলেও পরে গাড়ি চালাতেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে জাহেদ সবার বড় ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার চার বছর বয়সী একটি সন্তান রয়েছে। জাহেদের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বাবামা ও স্বজনেরা বারবার মূর্ছা যাচ্ছেন। নির্বাক হয়ে পড়েছেন স্ত্রী। নিহত জাহেদের মরদেহ বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসার শিক্ষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধশিশু ফারিয়া ও রামিসার ধর্ষণ-হত্যার বিচার দাবিতে ছাত্রসেনার মানববন্ধন