ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

নানা সমস্যায় জর্জরিত প্রস্তুতি পর্বের পর গতকাল শনিবার জাপানে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে ২০তম এশিয়ান গেমস। অলিম্পিকের চেয়েও বেশি সংখ্যক অ্যাথলেটের অংশ নেয়া এই বহুমাত্রিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া হয়েছে ঐক্যের বার্তা। তবে ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার নাগোয়ার পালোমা মিজু স্টেডিয়ামে বিপুলসংখ্যক আসন ফাঁকা ছিল। অল্পসংখ্যক দর্শক বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন, যেখানে মূল মঞ্চটি তৈরি করা হয়েছিল বিশাল একটি হৃদয়ের আকৃতিতে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয় উদ্বোধনী আয়োজনের মূল আনুষ্ঠানিকতা। উদ্বোধনী অনুষ্ঠানের মুল আকর্ষন থাকে অংশগ্রহণকারী দেশগুলোর এ্যাথলেট ও কর্মকর্তাদের মার্চ পাস্টের আয়োজনকে ঘিরে। উপস্থিত দর্শকদের মধ্যে সকলেই নিজ নিজ দেশের এ্যাথলেটদের স্টেডিয়ামে আগমনে হয়েছেন উচ্ছসিত। ইংরেজী বর্ণমালার ক্রমানুসারে বাংলাদেশ স্টেডিয়ামে প্রবেশ করে আফগানিস্তান ও বাহরাইনের পর তিন নম্বরে। বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হেল বাকী ও কারাতেকা হুমায়রা আক্তার প্রিয়া উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন। এবারের গেমসের ৪৩টি ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ ২২টিতে অংশগ্রহণ করছে। এ্যাথলেট ও কর্মকর্তা মিলিয়ে প্রায় আড়াইশ জনের কন্টিনজেন্ট বাংলাদেশের। জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী স্টেডিয়ামে আসন গ্রহণ করলে তাদের সম্মানজনক অভ্যর্থনা জানানো হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধফাইনালে ইস্পাহানি কর্ণফুলি ও ফর্টিস ময়নামতি
পরবর্তী নিবন্ধভারতে শিক্ষার্থীর আত্মহত্যা