যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার পর এবার ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকেও ১০টি উড়োজাহাজ কিনতে আনুষ্ঠানিক চুক্তি করতে যাচ্ছে সরকার। রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের মধ্যে আজ বুধবার এ বিষয়ে চুক্তি হবে। যদিও এসব উড়োজাহাজ কিনতে সরকারের ঠিক কত অর্থ ব্যয় হচ্ছে সে বিষয়ে বিমান বা এয়ারবাস কোনো পক্ষই কিছু জানায়নি। খবর বিডিনিউজের।
গতকাল মঙ্গলবার বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে এক অনুষ্ঠানে এ চুক্তি সই হবে। এই চুক্তিকে বিমানের বহর সমপ্রসারণ এবং বাংলাদেশের এভিয়েশনের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও মনে করছে তারা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার এমডি ইয়োর্গেন ওয়েস্টারমেয়ার উপস্থিত থাকবেন। গত ২৯ সেপ্টেম্বর সরকারের তরফে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার ঘোষণা আসে। ওইদিন প্রেস বিফ্রিংয়ে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘যাত্রী চাহিদা বিবেচনায় নিয়েই এসব উড়োজাহাজ কেনা হচ্ছে।’ একসঙ্গে ১০টি এয়ারবাস কেনার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, এর মধ্যে চারটি সুপ্রশস্থ এ ৩৫০–৯০০ এবং ছয়টি ন্যারো বডির এ ৩২১ নিও উড়োজাহাজ কেনা হচ্ছে।
সব মিলিয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার সাত মাসের মধ্যে বিমানের জন্য মোট ৩৫টি উড়োজাহাজ কেনার ঘোষণা এল। এর মধ্যে বোয়িং থেকেই দুই দফায় ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এখন এয়ারবাসের সঙ্গে চুক্তি হলে আরও ১০টি উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হবে।












