এশিয়া কাপে ব্যর্থতায় বিসিবির পর্যবেক্ষণে অধিনায়ক জ্যোতি

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ নারী ক্রিকেট দল গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় একদুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি। বর্তমানে দলের ব্যাটিং ইউনিটের দুর্দশা বেশ শোচনীয়। এমনকি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যক্তিগত পারফরম্যান্সেও ভাটা পড়েছে। আসন্ন এশিয়ান গেমসের পর মেয়েদের ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া পর্যবেক্ষণে রয়েছে জ্যোতির অধিনায়কত্বও। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমরা এটি পর্যবেক্ষণ করছি। কারণ সদ্যই এশিয়া কাপ শেষ হলো। সেখান থেকে ওরা সরাসরি এশিয়ান গেমসে খেলতে যাবে। আমি এখন এমন কথা বলতে চাচ্ছি নাযেহেতু দল আগেই নির্বাচিত হয়েছে, অধিনায়কও নির্ধারিত। আরও দেড়দুই মাস আগে দল পাঠিয়ে দেওয়া হয়েছে।’ বাংলাদেশ দলের সামনে নতুন প্রতিযোগিতা থাকায় আপাতত সেদিকে নজর বিসিবির। এই পরিচালক বলেন, ‘এখন এই দলটাই খেলতে হবে। আমরা আশা করছি ওখানে গিয়ে তারা ভালো খেলবে। যে সমস্ত ভুলগুলো করেছে সেগুলো শুধরে দেশের সুনাম বয়ে আনবে। এই মুহূর্তে যেগুলো শোনা যাচ্ছে সেগুলো আমরাও শুনেছি, পর্যবেক্ষণ করছি। তবে টুর্নামেন্টের পর ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে আলোচনা করব।’ পরবর্তীতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের আগে অনেক কিছুই করার আছে বলেও জানান রফিকুল বাবু, ‘যেহেতু ইতোমধ্যে দল ঘোষণা করা হয়েছে, দেখি এশিয়ান গেমসে তারা কেমন খেলে। আমরা আশা করছি ভালো খেলবে। তারপরে আমরা সিদ্ধান্ত নেব আসলে কী করা যায়। তারপর আমাদের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর আছে, অনেক কিছুই করার আছে আমাদের।’ বাংলাদেশের সাফল্যের ওপর অধিনায়ক জ্যোতিসহ অফফর্মে থাকা ক্রিকেটারদের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও দাবি বিসিবি পরিচালকের, ‘আমাদের বোর্ড সভাপতির সঙ্গেও আলোচনা হয়েছে। আপনারা জানেন এশিয়ান গেমসের নাম অনেক আগেই দিতে হয়। আমরা যদি দেখি ওখানে ভালো পারফর্ম করে, সবকিছুই ঠিকঠাক থাকে তাহলে একরকম। আর আমাদের কাছে যে অভিযোগগুলো এসেছে সেগুলো ইনশাআল্লাহ আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু বাংলাদেশের
পরবর্তী নিবন্ধসেমিফাইনালে রেলওয়ে স্টেশন কলোনী ও বেপজা পাবলিক স্কুল