এমপি নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি : পল্লী বিদ্যুৎ সমিতি

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

সংরক্ষিত আসনের সংসদ সদস্য এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যের নিয়ে গঠিত তদন্ত কমিটি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি বলে তদন্ত কমিটির কাছে জবানবন্দি দিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তোজাম্মেল হক। তার ভাষ্য, আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কমিটির সদস্যরা নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন তদন্ত কমিটি। সেইসঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করেন তারা। খবর বিডিনিউজের।

বুধবার রাত পৌনে ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার দৌলতপুর থানায় একটি মামলা করেছেন সংসদ সদস্য নিজেই। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের চার সদস্যের কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালক আহমেদ মাহবুব–উল–ইসলামকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আছেন– বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলওয়ার হোসেন। তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক মাহবুব–উল–ইসলাম বলেন, আজ থেকে আমাদের কর্মদিবস শুরু। ইতোমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন ব্যক্তিদের বয়ানসহ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আমাদের কাজ খুব দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দেব। এদিন বিকেলে তদন্ত কমিটির কাছে জবানবন্দি দিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার তোজাম্মেল হক।

পূর্ববর্তী নিবন্ধভাড়া পুনঃনির্ধারণে বিআইডব্লিউটিএর নির্দেশনা
পরবর্তী নিবন্ধলাল শাপলায় অপরূপ হাজাছড়া বিল