এবার সিসিটির দায়িত্বও ছাড়তে হচ্ছে সাইফ পাওয়ারটেককে

বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ আরও তিন সপ্তাহ কার্যক্রম পরিচালনার সুযোগ

হাসান আকবর | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনালের (এনসিটি) দায়িত্ব হারানোর পর এবার চিটাগাং কন্টেনার টার্মিনালের (সিসিটি) পরিচালনার দায়িত্বও ছাড়তে হচ্ছে সাইফ পাওয়ারটেক লিমিটেডকে। গতকাল সোমবার সিসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তবে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আপাতত আরও তিন সপ্তাহ টার্মিনালটির কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে গত রোববার সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন চবকের সচিব সৈয়দ রেফায়েত হামীম।

বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হচ্ছে। নতুন অপারেটর নিয়োগের কার্যক্রম চলমান থাকায় অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে আরও তিন সপ্তাহ টার্মিনাল পরিচালনার দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালের ১৭ অক্টোবর সম্পাদিত চুক্তির ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

প্রায় দুই দশক ধরে চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ এই টার্মিনাল পরিচালনার সঙ্গে যুক্ত থাকার পর এবার সিসিটি থেকেও বিদায়ের পথে সাইফ পাওয়ারটেক। তিন সপ্তাহের বর্ধিত সময়ের মধ্যে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ না হলে পরবর্তী সিদ্ধান্ত নেবে বন্দর কর্তৃপক্ষ।

একসময় চট্টগ্রাম বন্দরের দুটি প্রধান কন্টেনার টার্মিনাল সিসিটি ও এনসিটি পরিচালনার দায়িত্ব ছিল সাইফ পাওয়ারটেকের হাতে। ২০২৫ সালের ৬ জুলাই মধ্যরাতে এনসিটির দায়িত্ব ছেড়ে দেয় প্রতিষ্ঠানটি। পরদিন থেকে টার্মিনালটির পরিচালনার দায়িত্ব নেয় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাইডক লিমিটেড। পরবর্তী সময়ে এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফলে এনসিটি ছাড়ার পর সাইফ পাওয়ারটেকের হাতে অবশিষ্ট ছিল শুধু সিসিটি। এবার সেই টার্মিনালের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বন্দরের প্রধান কন্টেনার টার্মিনালগুলোর পরিচালনায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সম্পৃক্ততায় ছেদ পড়তে যাচ্ছে।

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেকের যাত্রা শুরু ২০০৫ সালে। শুরুতে সিসিটিতে স্থাপিত চারটি শিপ–টু–শোর (এসটিএস) গ্যান্ট্রি ক্রেনের মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি। ২০০৬ সালের ৫ আগস্ট থেকে ক্রেন পরিচালনার কাজ শুরু করে তারা। এর পরের বছর ২০০৭ সালের ৭ মার্চ সিসিটির সমন্বিত পরিচালনার দায়িত্ব পায় সাইফ পাওয়ারটেক। এরপর বিভিন্ন সময়ে চুক্তির মাধ্যমে টার্মিনালটির পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখে প্রতিষ্ঠানটি। প্রায় দুই দশক ধরে সিসিটির কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকা সাইফ পাওয়ারটেককে এবার সরে দাঁড়াতে হচ্ছে।

বর্তমানে চট্টগ্রাম বন্দরের প্রধান কন্টেনার টার্মিনালগুলোর পরিচালনায় রয়েছে একাধিক প্রতিষ্ঠান। সিসিটি পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড, এনসিটির দায়িত্বে রয়েছে চিটাগাং ড্রাইডক লিমিটেড। অন্যদিকে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল (পিসিটি) পরিচালনা করছে সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)। ২০২৪ সালের জুন থেকে ২২ বছর মেয়াদি চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি পিসিটির কার্যক্রম পরিচালনা করছে। জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এখনো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করছে।

পূর্ববর্তী নিবন্ধএকদিনের শাটডাউন শেষে আজ ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধপোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে : শফিকুর রহমান