আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও নাহিদ রানা। দুবাইয়ে অনুষ্ঠিত খেলোয়াড় ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরি থেকে তাদের দলে ভিড়িয়েছে দুটি ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটে প্রথম বাংলাদেশি হিসেবে দল পান সাকিব আল হাসান। তাকে দলে নিয়েছে নাঙ্গাহার কসমিক। এরপর একই ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানাকে দলে নেয় টিম পাকতিয়া। ফলে এবারের এপিএলে এখন পর্যন্ত বাংলাদেশের দুই ক্রিকেটারের ঠিকানা নিশ্চিত হয়েছে। এবারের ড্রাফটে চারটি ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন বাংলাদেশের মোট ৩০ জন ক্রিকেটার। এর মধ্যে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন পাঁচজন করে। গোল্ড ক্যাটাগরিতে আছেন ১৩ জন এবং সিলভার ক্যাটাগরিতে সাতজন। ড্রাফটের আরও কয়েকটি ক্যাটাগরির খেলোয়াড় নির্বাচন বাকি রয়েছে।











