মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও লাকসাম থানার অফিসার ইনচার্জ। এতিম শিশুদের সঙ্গে একই সারিতে বসে একসঙ্গে খাবার গ্রহণ করে তারা উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছেন।
সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এতিম শিশুদের জন্য মিট বিতরণ, মধ্যাহ্নভোজ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব নার্গিস সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী।
অনুষ্ঠানে অতিথিরা এতিম শিশুদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। তারা শিশুদের বিভিন্ন সমস্যা, চাওয়া-পাওয়া ও ভবিষ্যৎ স্বপ্নের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের লেখাপড়া, নৈতিক শিক্ষা ও আত্মবিশ্বাসের সঙ্গে বেড়ে ওঠার বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত ছিল, যখন প্রধান অতিথি ও বিশেষ অতিথি কোনো আলাদা আসনে না বসে এতিম শিশুদের সঙ্গে একই সারিতে বসে একসঙ্গে খাবার গ্রহণ করেন। তাদের এই আন্তরিক ও মানবিক আচরণ শিশুদের মধ্যে আনন্দের পাশাপাশি উপস্থিত অতিথিদেরও আবেগাপ্লুত করে।
সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের এমন আন্তরিক মিলনমেলা তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সংগঠনটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।











