টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় এক সপ্তাহের মধ্যে আবারও ডুবল রাঙামাটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতু। গত শুক্রবার বিকেলে সেতুর পাটাতনের ওপর প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি পানি উঠে যায়। এদিকে, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় গতকাল শনিবার থেকে সেতুটিতে চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুর ওপর প্রায় চার ইঞ্চি পানি ওঠে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঝুঁকি এড়াতে সেতু দিয়ে পারাপার বন্ধ করা হয়েছে। পানি কমে গেলে আবার পর্যটকদের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।
মূলত চেঙ্গী, মাইনী ও কাচালং নদী এবং ভারতের মিজোরাম থেকে আসা কর্ণফুলী নদীর পানি কাপ্তাই হ্রদে এসে পড়াতে কয়েকদিন ধরে হ্রদের পানির উচ্চতা বাড়ছে। উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় শুক্রবার বিকেলে সেতুর পাটাতন পানিতে ডুবে যায়।
এর আগে, ২৯ আগস্টও পানির উচ্চতা বেড়ে ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে গিয়েছিল। প্রায় এক সপ্তাহ পর ৫ সেপ্টেম্বর পানি নেমে গেলে সেতুটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। কাপ্তাই হ্রদের পানি ১০৫ এমএসএল ফুটের বেশি হলে সাধারণত সেতুটির পাটাতন ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এদিকে, কাপ্তাই হ্রদের পানি বাড়ায় গতকাল শুক্রবার সকালে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবারও খুলে দেওয়া হয়।











