এক ট্রলারের জালেই ৪৬০ লাল কোরাল ও ৪০০ চাপা সুরমা, বিক্রি ১০ লাখে

টেকনাফের শাহপরীর দ্বীপ

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

টেকনাফের শাহপরীর দ্বীপের একটি ট্রলারের জালে ধরা পড়েছে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ। পরে মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। গতকাল শনিবার সকালে শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিকের ট্রলারে এসব মাছ ধরা পড়ে। খবর বিডিনিউজের।

ট্রলারের মালিক মোহাম্মদ শফিক বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া ঘাট থেকে তার ট্রলারটি সাগরে যায়। ট্রলারচালক হাফেজ উল্লাহর নেতৃত্বে এতে ১১ জন জেলে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে সেন্ট মার্টিন চ্যানেলে ট্রলারটি নোঙর করে জেলেরা জাল ফেলেন। শনিবার ভোরে জালে লাল কোরাল ও চাপা সুরমা মাছ ধরা পড়ে। পরে গণনা করে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা পাওয়া যায়। মাছগুলোর প্রতিটির ওজন দুই থেকে পাঁচ কেজির বেশি। পরে দুপুরে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ঘাটের মাছের আড়তে সব মাছ ১০ লাখ টাকায় বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু বলেন, ধরা পড়া লাল কোরাল এরই মধ্যে কক্সবাজার ও ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হবে। বিশেষ করে কক্সবাজার ও ঢাকার হোটেলগুলোতে এ মাছের চাহিদা বেশি। টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, মাছটি খুবই সুস্বাদু। লাল কোরাল সাধারণত ঝাঁক বেঁধে প্রবাল এলাকায় চলাফেরা করে। এ কারণে সেন্ট মার্টিনের আশপাশে এ মাছ বেশি পাওয়া যায়। একটি লাল কোরালের ওজন সর্বোচ্চ নয় কেজি পর্যন্ত হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ১ম টেস্ট আজ শুরু
পরবর্তী নিবন্ধডায়াবেটিসমুক্ত থাকতে সক্রিয় জীবনযাপন প্রয়োজন : প্রশাসক