এক ইউনিটে চলছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

কমছে কাপ্তাই লেকের পানি

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:২৭ পূর্বাহ্ণ

কাপ্তাই লেকে পানি কমতে শুরু করেছে। এতে কমেছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও। পাঁচটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম থাকলেও বর্তমানে সচল রাখা হয়েছে মাত্র একটি। এই ইউনিট থেকে প্রতিদিন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র পরিচালিত কাপ্তাই লেকের পানির নির্ধারিত স্তর বা ‘রুল কার্ভ’ অনুযায়ী গতকাল শনিবার লেকে পানির পরিমাণ থাকার কথা ছিল ১০৭ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু বর্তমানে পানির স্তর রয়েছে ১০১ ফুট এমএসএল। অর্থাৎ নির্ধারিত স্তরের চেয়ে পানি কম রয়েছে ৬ ফুট।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সামনে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় লেকের পানির স্তর বাড়ার সুযোগ কম। ফলে প্রতিনিয়ত কমছে লেকের পানি। এ অবস্থায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য মোট পাঁচটি ইউনিট রয়েছে। সবগুলো ইউনিটই বর্তমানে উৎপাদনে সক্ষম। তবে ভবিষ্যতের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ আপাতত ৪ নম্বর ইউনিটটি সচল রেখেছে। এই ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে দলিল লেখক সমিতির কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
পরবর্তী নিবন্ধপুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের