এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ লক্ষ্যে এইচএসসি (সাপ্লিমেন্টরি) পরীক্ষার আবেদন ফরম পূরণের কার্যক্রম যথাসময়ে শেষ করতে হবে। খবর বিডিনিউজের।
পরীক্ষার্থীরা পরীক্ষার প্রয়োজনীয় ফি বাবদ টাকা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে পারবে এবং তার রশিদ শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের (নিয়মিত–অনিয়মিত) তত্ত্বীয় প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা দিতে হবে। ব্যবহারিক প্রতি বিষয়ের জন্য ফি দিতে হবে ২৫ টাকা। কেন্দ্র ফি হিসেবে দিতে হবে আরও ৪৫০ টাকা। সেই হিসেবে একজন শিক্ষার্থীকে মোট ৬০০ টাকা জমা দিতে হবে।












