ইনসমনিয়া
১.
এক একদিন মাঝরাতে বৃষ্টি শুরু হয়
কোথাও কোনো শব্দ আর নেই বৃষ্টি ছাড়া
ঘোলা আকাশের দিকে তাকিয়ে মনে পড়ল
ফসলের মাঠ বড় নদী আর ব্রিজটির কথা
যাদের শরীর জুড়ে অকাল বরষার ঝমঝম ঘুঙুর
মোমের মতো আলো হয়ে আছে এখানে
বাতাসের শান্ত নাচ চকিত বিজলি
মেঘে মেঘে কথা হচ্ছে ঢেকে যাচ্ছে শহরতলী
ফিনফিনে জলীয় চাদরে জনশূন্য পাড়ায়
কোনোমতে–বাঁচাদের ঘুমের তুচ্ছ আরাম
পাশ কাটিয়ে গভীরে চলেছে এই রাত
ঠান্ডা স্রোতে অবিচল অজ্ঞাত মোহনায়–
বহু বছর ধরে তাকে জানে এক সুদূর মৌনব্রত
এক জলভারানত ঝর্ণাও
সবুজ পাহাড়ে যে ঠাঁই বসে আছে অপলক
আর শালের নির্জন ছায়ার নিচে মুক্তি ডাকছে
মেঘের নদীর, সবার–মনে মনে ছড়া কেটে।
২.
যেসব ব্যাটারি কখনো ফুরাবে না
সেসবই চাই প্রাণপণে, এই জীবনে
নুন তেল দানাপানি মসলা চিনির সাথে সাথে
ছোট বড় মাঝারি অনেক ব্যাটারি চাই
এবং প্রচুর জোর চাই ব্যাটারির বুকে
রেডিও বাঁচবে সারা মাস গরীবের বাবার সাথে
রুগ্ন মায়ের শিয়রে শক্তিমান ফ্যান ঘুরে চলবে
ভাতের টেবিলে আলো হবে, ভালো হবে খিদা
চার্জলাইটে উড়ে বসুক বরষারাতের পোকা–
তোমার হাসি গান, তোমার প্রায়ান্ধ চোখ
টর্চ জ্বেলে কী খোঁজে রোজ বাসি পত্রিকায়?
তারপর গভীর রাতে মাথার ভেতরে যত
দুশ্চিন্তাকে ‘গেট আউট, গেট আউট’ বলেও
জড়িয়ে ধরে ভরসা হারানো মুঠিতে।












