কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর মো. শফির বিল এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি ভোটার আইডি কার্ড এবং চাকরি সংক্রান্ত পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। দুই আইডি কার্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিহত সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ফায়দাবাদ কাঠালতলা গ্রামের বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। তিনি স্থানীয় ‘হোটেল সি পার্লের’ কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রায় পাঁচ মাস ধরে ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। গতকাল দুপুরে বাসায় তার মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনা মৃতের স্বজনদের জানানো হয়েছে।











