ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ফিরতি টিকিট ১৩ মার্চ থেকে, পূর্বাঞ্চলে দুপুর ২টা থেকে বিক্রি হবে টিকিট

আজাদী প্রতিবেদন  | বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এবারও ঈদের অগ্রিম সব টিকিট বিক্রি হবে অনলাইনে। যাত্রীদের মাঝে ৭ দিন ঈদের অগ্রিম টিকিট দেয়া হবে। প্রথম দিন ৩ মার্চ যাত্রীদের মাঝে বিক্রি করা হবে ১৩ মার্চের ট্রেনের টিকিট। গত ১৯ ফেব্রুয়ারি রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী শেখ রবিউল আলম। ঈদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য সময়সূচির বিপর্যয় রোধের বিষয়ে গুরুত্ব দেন মন্ত্রী। অগ্রিম টিকিট বিক্রি এবং বিশেষ ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রী চাপ সামলাতে দেশের বিভিন্ন রুটে ৮ জোড়া বিশেষ ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করার জন্য ওই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওই দিন ২৩ মার্চের টিকিট বিক্রি করা হবে। এবার পবিত্র রমজান শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। ফিরতি টিকিট পর্যায়ক্রমে ১৯ মার্চ পর্যন্ত বিক্রি চলবে, যা ২৯ মার্চের যাত্রার জন্য প্রযোজ্য।

রেলওয়ে সূত্র জানায়, ঈদের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন ৪ মার্চ যাত্রীদের কাছে দেয়া হবে ১৪ মার্চের টিকিট। ৫ মার্চ যাত্রীদের কাছে বিক্রি করা হবে ১৫ মার্চের টিকিট। ৬ মার্চ বিক্রি করা হবে ১৬ মার্চের টিকিট। ৭ মার্চ বিক্রি করা হবে ১৭ মার্চের টিকিট। ৮ মার্চ বিক্রি করা হবে ১৮ মার্চের টিকিট। ৯ মার্চ বিক্রি করা হবে ১৯ মার্চের টিকিট। এছাড়া ২০, ২১ ও ২২ মার্চের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দেশের অন্যান্য রুটের মতো এবারও চট্টগ্রামচাঁদপুর রুটে ঈদ স্পেশাল (১ ও ২) চলবে।

অঞ্চলভেদে টিকিট বিক্রির সময় : রেলওয়ের কর্মকর্তারা জানান, যাত্রীদের সুবিধার জন্য এবং অনলাইনে সার্ভারের ওপর চাপ কমাতে এবারও দুই অঞ্চলের (পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল) টিকিট দুই ভিন্ন সময়ে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন সকাল ৮টায়। পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদে অগ্রিম ও ফেরতযাত্রার টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না। অগ্রিম ও ফিরতি যাত্রার সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে (উচ্চ শ্রেণী ব্যতীত) মোট আসনের ২৫ শতাংশ সমপরিমাণ স্ট্যান্ডিং টিকিট দেয়া হবে।

ঈদযাত্রার চাপ সামাল দিতে ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফডে) বাতিল করা হয়েছে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ (এমজি) কোচ যাত্রীবাহী সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটিসিবির ট্রাকসেলে নতুন নিয়ম
পরবর্তী নিবন্ধবিপিসিকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা