জঙ্গি গোষ্ঠী আইএসের মতো ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দমন করতেও আন্তর্জাতিক কোয়ালিশন গঠন করে অভিযান চালানোর ডাক দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বানদার। তিনি সতর্ক করে বলেছেন, হুতিরা কেবল ইয়েমেনের মধ্যে সীমাবদ্ধ নেই, আঞ্চলিক সীমানা পেরিয়ে তারা ক্রমেই বিশ্বজুড়ে এক বড় সন্ত্রাসী হুমকি হয়ে উঠছে। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত রিমার এক মতামত প্রতিবেদন তুলে ধরে সৌদি সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া ইংলিশ এ খবর জানিয়েছে। প্রতিবেদনে, ১০ অক্টোবর রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেন সৌদি রাষ্ট্রদূত রিমা। ওই হামলায় ১৩ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন।
নিউ ইয়র্ক টাইমসকে সৌদি আরবের এই রাষ্ট্রদূত বলেন, ৮০টির বেশি দেশের কোয়ালিশন স্থানীয় বাহিনীর সহায়তায় জঙ্গি গোষ্ঠী আইএসকে পরাস্ত করেছিল। একইভাবে হুতিদেরও পরাজিত করা সম্ভব। তবে এই লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে ইয়েমেনকেই।
হামলায় নিজে আহত হওয়ার পরও যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং আহতদের চিকিৎসায় এগিয়ে আসা রিয়াদ এয়ারের যাত্রীসেবাকর্মী ইবতিহাল বিনতে আব্দুল্লাহর সাহসিকতার প্রশংসা করেন রিমা বিনতে বান্দার।












