ইসরায়েলে সরকার গঠনে দায়িত্ব পেলেন আইজেনকোট

আরব দলগুলো ইসরায়েলকে ধ্বংস করবে, ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

আজাদী ডেস্ক | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের চেষ্টা করার দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। নির্বাচনে কোনো দল বা জোট পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর সৃষ্ট অচলাবস্থার মধ্যে শনিবার এ পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ধর্মীয়–জাতীয়তাবাদী ডানপন্থি জোট পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারায়। তবে তারপরও তারা পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়ে সবচেয়ে বড় জোট হিসেবে বিরাজ করছে। এ পরিস্থিতিতে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু ক্ষমতায় থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিকে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গড়তে পারছেন না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকার গঠন নিয়ে দেশটিতে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে তিনি এবার একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। আরব দলগুলোর ওপর ভিত্তি করে গঠিত কোনও সরকার ইসরায়েলকে ধ্বংস করে দেবে বলেও তিনি সতর্ক করেছেন। খবর বিডিনিউজের।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শাসনাবসান এবং পরবর্তী সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেছে শত শত মানুষ। নেতানিয়াহু–বিরোধী জোট পার্লামেন্টে যৌথ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শনিবার সন্ধ্যায় এই বিক্ষোভ হয়। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জেজরিল উপত্যকায় প্রায় ৩০০ মানুষ নতুন সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বলে হারেৎজ পত্রিকা জানিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক প্রধান আইজেনকোট পার্লামেন্টের আরব দলগুলোর সঙ্গে মিলে সরকার গঠন করতে অস্বীকার করেছেন। কিন্তু আরব দলগুলোকে সঙ্গে নিলে পার্লামেন্টে তিনি সহজেই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতেন। তবুও আরব দলগুলোর নেতারা নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইকেজনকোটকেই সবার আগ সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য মনোনীত করেছেন আর তাতেই তিনি পার্লামেন্টে সবচেয়ে বেশি সমর্থন লাভ করেছেন।

টাইমস অব ইসরায়েলে জানিয়েছে, প্রেসিডেন্ট হারজগ শনিবার সন্ধ্যায় ঘোষণা করেছেন, তিনি ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব ‘ইয়াশার’ পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটকে দেবেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে হারজোগের ভূমিকা মূলত আনুষ্ঠানিক। নির্বাচনের পর জোট সরকার গঠনের জন্য একজন প্রার্থীকে মনোনীত করা তার অন্যতম প্রধান কাজ।

গতকাল স্থানীয় সময় বিকাল ৫টায় প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আইজেনকোট আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব গ্রহণ করেন। এরপর সরকার গঠনের জন্য তিনি ২৮ দিন সময় পাবেন আর প্রয়োজনে হারজগ তাকে আরও সর্বোচ্চ ১৪ দিন সময় বাড়িয়ে দিতে পারবেন। আইজেনকোট যদি ব্যর্থ হন, তবে পরবর্তী সুযোগটি নেতানিয়াহুকে দেওয়া হতে পারে।

হারজগ জানিয়েছেন, তিনি তার সিদ্ধান্তের কথা ইতোমধ্যে আইজেনকোট ও নেতানিয়াহুকে জানিয়েছেন। এর আগে বুধবার ও বৃহস্পতিবার তিনি ইসরায়েলের পার্লামেন্টের সব দলের সঙ্গে পরামর্শ করেন। পরে নেতানিয়াহু ও আইজেনকোটসহ ইসরায়েলের রাজনৈতিক পরিমণ্ডলের অন্যান্যদের সঙ্গেও আলোচনা করেন।

বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে হারজগের আলোচনার সময় আইজেনকোট প্রধানমন্ত্রী পদের জন্য ৬৭টি সুপারিশ পান, যা ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নির্দেশ করে। অন্যদিকে নেতানিয়াহু পান ৪৬টি সুপারিশ। পার্লামেন্টে সাতটি আসন পাওয়া নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোটের অতি কট্টরপন্থি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম কারও পক্ষেই কোনো সুপারিশ করেনি।

হরজগের ঘোষণার প্রতিক্রিয়ায় এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, এখন জাতীয় জরুরি সরকার গঠনের সময়। আমরা যেন এর যোগ্য হয়ে উঠতে পারি, তা নিশ্চিত করতে আমি সম্ভাব্য সবকিছু করবো।

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর : নেতানিয়াহু বর্তমানে ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে শনিবার সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এ পরিস্থিতিতে আরব দলগুলোকে নিয়ে বিরোধী শিবিরকে সতর্ক করলেন তিনি। আইজেনকোট সরকার গঠনের ডাক পাওয়ার পর শনিবার রাতে একটি ভিডিওবার্তায় জাতীয় ঐক্য সরকার গঠনের ডাক দেন নেতানিয়াহু।

নেতানিয়াহু দাবি করেছেন, বিরোধী দলগুলো আরব (ইসলামপন্থি বা ইহুদি–বিরোধী) দলগুলোকে নিয়ে সরকার গঠনের যে চেষ্টা করছে, তা ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সে কারণে তিনি সব ইহুদিবাদী ও জাতীয় শিবিরের দলগুলোকে নিয়ে ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি তার পুরোনো জোটের সব চরমপন্থি ও ধর্মীয় দলগুলোকেও এই সরকারে রাখতে চান। যেমন চরম–জাতীয়তাবাদী দল রিলিজিয়াস জয়নজম ও ওতজমা ইহুদিত এবং কট্টরপন্থি ধর্মীয় দলগুলো। তবে নেতানিয়াহুর এই পুরোনো সহযোগীরা অত্যন্ত চরমপন্থি ও উগ্র নীতিতে বিশ্বাসী হওয়ায়, বিরোধী দলগুলো তাদের সঙ্গে একই সরকারে আসতে রাজি নয়।

পূর্ববর্তী নিবন্ধরাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান মিললো অনিয়ম ও অব্যবস্থাপনার সত্যতা
পরবর্তী নিবন্ধউখিয়ায় বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা, মহাসড়ক অবরোধ