যুক্তরাষ্ট্রের নতুন এক জনমত জরিপ বলছে, বেশির ভাগ ভোটার ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। জরিপে বলা হয়েছে, মতামত দেওয়া ৫৫ শতাংশ ভোটার বলেছেন, শর্তের তোয়াক্কা না করেই অবিলম্বে ইরান যুদ্ধ বন্ধ করতে হবে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোস প্রকাশিত ক্রিটিক্যাল ইস্যুজ পোলের সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে। জবাবে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালায়। ফলে পশ্চিম এশিয়াজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। খবর বিডিনিউজের।
ডেমোক্রেট ও স্বতন্ত্র ভোটারদের মধ্যে যুদ্ধ বন্ধের পক্ষে সমর্থন সবচেয়ে বেশি। ডেমোক্রেটদের ৮০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৫৯ শতাংশ এর পক্ষে মত দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের ভোটার মধ্যে এ হার ২৫ শতাংশ। জরিপে অংশ নেওয়া ডেমোক্রেট ভোটারদের অধিকাংশ যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টির পদক্ষেপও সমর্থন করেন। ইরানে হামলার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে।
ডেমোক্রেট ভোটারদের ৫৩ শতাংশ সামরিক অভিযানে অর্থায়ন বন্ধ করতে কংগ্রেসের উদ্যোগের পক্ষে মত দিয়েছেন। আর ৫১ শতাংশ আগামী বাজেট আলোচনায় ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের পক্ষে, এমনকি তাতে সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকলেও। গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়ে অন্তর্বর্তী চুক্তি করেছিল। তবে দ্রুতই তা ভেস্তে যায়। ট্রাম্প ৭ জুলাই চুক্তিটি বাতিল বলে ঘোষণা দেন এবং এর এক সপ্তাহ পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চুক্তিটি স্থগিত করার ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, চুক্তি অনুযায়ী কৌশলগত জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার অঙ্গীকার রক্ষা করেনি ইরান। অন্যদিকে তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে; যার মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়া এবং বাজেয়াপ্ত ইরানি সম্পদ মুক্ত করা। জরিপের প্রধান গবেষক শিবলি টেলহামি শর্ত বিবেচনা না করেই যুদ্ধ বন্ধের পক্ষে এত বেশি সমর্থন দেখে বিস্মিত হয়েছেন। যুদ্ধ নিয়ে মতামত জানতে যুক্তরাষ্ট্রের ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্কের ওপর এ জরিপ চালানো হয়। এক প্রশ্নে তাদের সামনে তিনটি বিকল্প রাখা হয়–অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, সামরিক অভিযান আরও জোরদার করা, অথবা ইরানের কাছ থেকে ছাড় আদায়ে বর্তমান পথেই এগিয়ে যাওয়া। জরিপে অংশ নেওয়া মোট ভোটারের মাত্র ২১ শতাংশ বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে এবং ১৮ শতাংশ সামরিক অভিযান আরও জোরদার করার পক্ষে মত দিয়েছেন।












