যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের জবাবে উপসাগরীয় দেশগুলোতে তেহরানের পাল্টা হামলার শুরুর দিনগুলোতেই তেল আবিব সংযুক্ত আরব আমিরাতকে আইকনিক আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাপনা পাঠিয়েছিল। খবর বিডিনিউজের।
বিষয়টি সম্বন্ধে অবগত একাধিক মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর ছেপেছে অ্যাক্সিওস। কেবল আয়রন ডোম–ই নয়, তা পরিচালনায় আরব দেশটিতে সেনাও পাঠিয়েছিল ইসরায়েল। প্রতিরক্ষা ব্যবস্থাপনা আয়রন ডোম স্বল্পপাল্লার রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলার জন্য বিখ্যাত। অ্যাক্সিওসের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরান সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনায় লাগাতার হামলা চালিয়ে যাওয়ায় আবু ধাবি মিত্রদের কাছে সাহায্য চেয়েছিল। ধেয়ে আসা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেলেও কিছু আরব আমিরাতের বিভিন্ন বেসামরিক ও সামরিক লক্ষ্যে আঘাত হানে। এতে বাধ্য হয়েই আমিরাতের নেতৃত্বকে সাহায্য চাইতে হয়। নেতানিয়াহুকে ফোন এমবিজেডের : আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের (এমবিজেড নামে ব্যাপকভাবে পরিচিত) সঙ্গে এক ফোনালাপের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে ইন্টারসেপ্টরসহ একটি আয়রন ডোম ব্যাটারি ও কয়েক ডজন সেনা কর্মকর্তাকে পাঠাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছিলেন, অ্যাক্সিওসকে বলেছেন ইসরায়েলি কর্মকর্তারা। ওই পদক্ষেপে সেসময় ইরানি হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া আবু ধাবি ব্যাপক উপকৃতও হয়। ইসরায়েলের পাঠানো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সংযু্ক্ত আরব আমিরাত কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতও করে বলে আরেক ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায় অ্যাক্সিওস। আবু ধাবির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরান আরব আমিরাতকে লক্ষ্য করে সাড়ে পাঁচশ ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুই হাজার ২০০টির বেশি ড্রোন ছুড়েছিল।














