ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি অবৈধ সোনার খনি পানিতে প্লাবিত হওয়ার পর সেখানে কয়েক ডজন শ্রমিক আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন বলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
গতকাল পুলিশ জানিয়েছে, সোমবারের প্রবল বর্ষণের পর পাশের একটি নদীর পানি উপচে পড়ে জাভার বোগোর জেলার উন্মুক্ত সোনার খনিটি প্লাবিত হয় আর তাতে খনিশ্রমিকরা ভেতরে আটকা পড়েন। পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রোহমাওয়ান এক বিবৃতিতে বলেন, এখন পর্যন্ত ২৬ জন আটকা পড়ে আছেন। খবর বিডিনিউজের।
জাকার্তা তল্লাশি ও উদ্ধার দপ্তর জানিয়েছে, শ্রমিকরা ৩২৮ ফুট গভীর একটি খনিতে আটকা পড়ে আছেন। সেখানকার প্রবেশের পথটি অত্যন্ত সরু এবং এলাকাটি পিচ্ছিল ও অন্ধকার হয়ে আছে। তবে উদ্ধার অভিযানের ব্যাপ্তি বা আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর অগ্রগতি সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানায়নি।। জাকার্তা তল্লাশি ও উদ্ধার দপ্তরের প্রধান দেসিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে বলেন, পানির পরিস্থিতি পর্যবেক্ষণ এবং খনির সুড়ঙ্গে প্রবেশের উপায় মূল্যায়ন করতে আমরা অভিযানে নিয়োজিত সব উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বয় করছি।











